চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও প্রায় ৫ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
বুধবার র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগ থেকে ১০টি ককটেল এবং একটি পলিথিন ব্যাগ থেকে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এসব বিস্ফোরক সেখানে সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করছে র্যাব।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









