৩১ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান। বিদায়ের মুহূর্তে ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মুছে গেল পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতার কাছে। হিন্দু ধর্মাবলম্বী হয়েও টানা ৩১ বছর একটি মাদ্রাসায় শিক্ষকতা করে অবসরে গেলেন অমল কৃষ্ণ ডাকুয়া। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশে শেষ হলো তার দীর্ঘ কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটে।
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘ ৩১ বছর দায়িত্ব পালন করেছেন অমল কৃষ্ণ ডাকুয়া। একই অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস হাওলাদারকেও।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এখলাছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নির্মল কুমার চট্টোপাধ্যায়।
বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক বিকাশে অমল কৃষ্ণ ডাকুয়া ও এইচ এম ইলিয়াস হাওলাদারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন প্রতিষ্ঠানটির সঙ্গে থেকে তারা নিজেদের শ্রম, মেধা ও আন্তরিকতায় শিক্ষার্থীদের গড়ে তুলেছেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও শিক্ষকতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অমল কৃষ্ণ ডাকুয়ার ৩১ বছরের কর্মজীবন পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের একটি দৃষ্টান্ত। একটি মাদ্রাসায় তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে তিনি দেখিয়েছেন—শিক্ষার বন্ধন অনেক সময় ধর্মীয় পরিচয়ের সীমানাকেও ছাপিয়ে যায়।
৩১ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত অমল কৃষ্ণ ডাকুয়া সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অমল কৃষ্ণ ডাকুয়া বলেন, এই মাদ্রাসার সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানকার সহকর্মী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি তার জীবনের সঙ্গে চিরদিন থেকে যাবে।
বিদায়ের শেষপর্বে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এইচ এম ইলিয়াস হাওলাদার ও অমল কৃষ্ণ ডাকুয়াকে সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









