গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আলোচিত সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এক বছর পর এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব উদ্দিন নামে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দীনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। অন্যদিকে কয়েকজন আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









