বগুড়ার সারিয়াকান্দিতে কনটেস্ট কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা প্রশাসন কোচিং সেন্টারটি সিলগালা করে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়। কোচিংয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার সকালে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী কোচিং সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থলে যান। পরে ইউএনও’র নির্দেশনায় ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পরিচালিত প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সুযোগ তৈরি হওয়া উদ্বেগজনক। তারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, ‘‘বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









