প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশে গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে আরো ১৫০টি গ্যাসকূপ খনন এবং তিনটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, ‘‘গ্যাস-সংকট মোকাবিলায় মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে।’’
তিনি বলেন, ‘‘এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
তিনি আরো বলেন, ‘‘দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রকল্পে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে।’’
সম্প্রতি ব্যবসায়ী ও শিল্প সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘‘গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে উঠতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে।’’
সংবাদ সম্মেলনে তিনি মুডিসের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ হওয়া, মূল্যস্ফীতি কমে আসা এবং প্রবাসী আয় বৃদ্ধির বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির কথা তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









