মুন্সীগঞ্জের শ্রীনগরে নেদারল্যান্ডস প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির বিল্ডিংয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ১ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ সময় বাড়ির আসবাবপত্র তছনছ করে রেখে যায় চোরেরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের নেদারল্যান্ডস প্রবাসী রেদাজের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রবাসী রেদাজের বাবা-মা দুই নারী কেয়ারটেকারকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে কেয়ারটেকার বিলকিস বেগম তার স্বামীর অসুস্থতার সংবাদ পেয়ে আরেক কেয়ারটেকার জোস্নাকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে চলে যান।
বুধবার সকালে প্রবাসী রেদাজের বাবা-মা বাড়িতে ফিরে এসে বিল্ডিংয়ের গেটের তালা ভাঙা দেখতে পান। পরে তারা কক্ষে প্রবেশ করে দেখেন, স্টিল ও কাঠের তৈরি দুটি আলমারির ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরচক্র।
এ ছাড়া অন্য একটি কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি চার্জার ফ্যান এবং ফ্রিজে থাকা মাছ, মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা। চোরেরা বাড়ির আসবাবপত্রও তছনছ করে রেখে যায়।
এ ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









