লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় (৮০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে (২৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে।
হামলার শিকার প্রবীণ সাংবাদিক গোকুল রায় এখন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে দীর্ঘদিন থেকে সাংবাদিক গোকুল রায় এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অনেকদিন থেকে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন সাংবাদিক গোকুল রায়কে হুমকি দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তাকে বাড়িতে একা পেয়ে যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মন লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় বৃদ্ধ সাংবাদিককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা এসে সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী শাহজাহান মন্ডল বলেন, ‘‘হঠাৎ অভিযুক্তরা দলে বলে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে তারা পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’’
সাংবাদিক গোকুল রায় জানান, দীর্ঘদিন থেকে আমার গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি বেদখল করে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাকে আহত করেছে দুর্বৃত্তরা। আমি হামলাকারীদের বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্তরা পলাতক ও তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর থানার ওসি সাদ আহমেদ জানান, সাংবাদিকের উপর হামলার খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









