হবিগঞ্জের বাহুবল বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাহুবল বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন মিয়া। এরপর পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। দুই দিন ধরে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে বাহুবল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।
বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ তুহিন মিয়ার বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তার স্বজনরা।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটির কী হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









