বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আটটি স্থানে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুর, নৈদিঘীর গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, মাগুরা-আকবরপুর আদর্শ গ্রামের পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।
সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, ‘‘দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে।’’
তিনি আরও বলেন, ‘‘দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় একটি মৎস্য ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









