দেশের চামড়া ও চামড়াজাত পণ্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও উচ্চমূল্য সংযোজিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের চামড়ার অবস্থান সুদৃঢ় করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার বিকল্প নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওস্থ বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে শিল্প উপদেষ্টা আরও বলেন, বয়ন, রং করা, জুতা তৈরি ও কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প একসময় গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সমন্বয় করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এ সময় তিনি বিশেষভাবে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে সঠিক নীতি ও মানসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ জানান, চামড়া শিল্প খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভোক্তা ও অংশীজনদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি ঐতিহ্যবাহী হাজারীবাগ এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘বাটা’ এ মেলায় অংশ নিয়েছে।
তেজগাঁওস্থ বিসিক ভবনে আয়োজিত এই মেলাটি ১৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। মোট ৪৯টি স্টলের মধ্যে ৪৩টিতে চামড়া ও চামড়াজাত পণ্যের এবং ৫টিতে খাদ্য ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









