বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ঘরের মাঠে হার দিয়ে আসর শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরেছে স্বাগতিকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ২৭ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় এনামুল ইসলাম গাজীর গোলে এগিয়ে যায় সিটি ক্লাব। এর ছয় মিনিট পর নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনিকাচি ওকাফর ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি ক্লাব।
দ্বিতীয়ার্ধে গোল শোধে আক্রমণের ধার বাড়ায় ব্রাদার্স ইউনিয়ন। একের পর এক আক্রমণ চালালেও সিটি ক্লাবের রক্ষণভাগ ভেদ করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৭৩ মিনিটে আরও একবার গোল হজম করে ব্রাদার্স ইউনিয়ন। আক্রমণভাগের খেলোয়াড় রফিকুল ইসলামের দৃষ্টিনন্দন গোলে সিটি ক্লাবের জয় নিশ্চিত হয় ৩-০ ব্যবধানে। ফলে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সিটি ক্লাব।
ম্যাচ শেষে সিটি ক্লাবের হেড কোচ মো. আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, “আজকের ম্যাচটা জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ছেলেরা ভালো খেলে জয় ছিনিয়ে এনেছে। পূর্ণ তিন পয়েন্ট পেয়ে আমরা খুশি। আজকের দিনটি আমাদের ছিল।”
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের হেড কোচ ওমর কে সিসে বলেন, “আমাদের খেলোয়াড়রা আজ ভালো খেলতে না পারায় ম্যাচ হেরেছি। তবে আগামী ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আমরা জয় পাব, আশা করি।”
এর আগে, শুক্রবার বেলা আড়াইটায় দীর্ঘ তিন বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গোপালগঞ্জ পর্বের পর্দা ওঠে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বেলুন উড়িয়ে এ পর্বের উদ্বোধন করেন।
দীর্ঘ বিরতির পর বিপিএল ফুটবল গোপালগঞ্জে ফেরায় ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্যালারিতে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









