চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সকালে মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি জানানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ করছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, “মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









