পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন (ল্যান্ড) ব্যবসার সাথে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মুঠোফোনে তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমি আপনাকে পুড়াইয়া মারমু।’
ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, এই হুমকির পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, "মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যে কজনকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে; তাঁরাই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।"
এ বিষয়ে বক্তব্য জানতে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









