ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ৩৩ বছরের সংগীতজীবনে ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৪০ হাজার গান গেয়েছেন এই শিল্পী।
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ গান দিয়ে বলিউডে ব্যাপক পরিচিতি পান জুবিন। পরে ‘সুবাহ সুবাহ’ ও ‘দিল তু হি বাতা’র মতো গানেও কণ্ঠ দেন। তবে বলিউডে জনপ্রিয়তা পাওয়ার পরও ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে আঞ্চলিক ভাষার গান ও চলচ্চিত্রে মনোযোগ দেন।
বাংলা ও অসমীয়ার প্রতি জুবিনের ছিল বিশেষ টান। দেব, রাহুল ও সোহম অভিনীত বিভিন্ন বাংলা সিনেমার গানেও তার কণ্ঠ শোনা গেছে। ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পিয়া রে’ ও ‘মন মানে না’ গানগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
এক সাক্ষাৎকারে জুবিন বলেছিলেন, তিনি বাংলা ও আসামের আঞ্চলিক সংস্কৃতিকে বেশি গুরুত্ব দেন। নিজেকে ‘আধা বাঙালি’ বলেও পরিচয় দিয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি অভিনয় ও চলচ্চিত্র নির্মাণেও কাজ করেছেন জুবিন। তার শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তি পায় মৃত্যুর কয়েক মাস পর। জুবিনের মৃত্যুকে ঘিরে এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। তবে তার গান ও সৃষ্টির মধ্য দিয়ে তিনি ভক্তদের কাছে আজও অমর হয়ে আছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









