হঠাৎ পদ্মায় বড় বড় ঢেউয়ে রাজশাহীর টি-বাঁধ এলাকার কয়েকটি মাঝি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে একটি নৌকা, তলিয়ে গেছে আরেকটি। নৌকা রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন রিমোন হোসেন ও তাঁর স্ত্রী। পানিতে ডুবে গেছে মাছ ধরার জাল ও সরঞ্জাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে টি-বাঁধের বটতলা এলাকায় যান রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
জারজিস মাঝি জানান, তাঁর একমাত্র নৌকা ও মাছ ধরার জাল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। নৌকাটিই ছিল তাঁর পরিবারের আয়ের প্রধান উৎস।
আহত রিমোন হোসেন বলেন, নৌকা রক্ষা করতে গিয়ে তাঁর পা ভেঙে যায়। বর্তমানে কাজ করতে না পারায় সংসার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ডিসির সহায়তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









