সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা দলিল লেখক সমিতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করেন দলিল লেখকরা।
শনিবার বেলা ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, গোলাম মহিউদ্দিন, ফরিদ হোসেন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়াস খান ও আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এ বি মুস্তাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। দেশের রাজস্ব আদায়ে দলিল লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা বিভিন্নভাবে অবহেলার শিকার হচ্ছেন। দলিল লেখকদের পেশা বন্ধ হয়ে গেলে এ পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিপুলসংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা অবিলম্বে তাদের সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
দলিল লেখক সমিতির সাত দফা দাবির মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ বন্ধে প্রজ্ঞাপন জারি এবং থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।
এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









