দীর্ঘ দুই দশকের বিরোধের অবসান ঘটিয়ে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এবারের নির্বাচনে প্রেস ক্লাবের মোট ৮৪ জন ভোটার ১৭টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব পদের বিপরীতে বিভিন্ন পদে মোট ৪৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পদে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দৈনিক এদিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি ও তরুণ সংবাদকর্মী আব্দুল্লাহ আল মাসুদ।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবেন প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









