নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই (নিঃ) মো. নাজমুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার ইলিশা এলাকার মৃত মোতাহার হোসেন হাওলাদারের ছেলে মো. মফিজুর (৪০)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় কাঠের পুল মমিনুলের পঞ্চম তলার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (৪৮)। পুলিশ তাকে বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।
বরিশালের মুলাদী থানার নাজিরপুর এলাকার মো. মিজানের ছেলে মো. রুবেল (২৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকায় বসবাস করেন এবং তাঁতীলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তি সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহেল (৪২)। পুলিশ তাকে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









