দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। ফলে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন।
এদিকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৮৭ জন।
চলতি বছর মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৮৭ জন।
এর আগে আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









