ঝিনাইদহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একটি অনুমোদনহীন মুড়ির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার লালন শাহ কলেজ সড়কে অবস্থিত শাকিব ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয় জানিয়েছে, বিএসটিআই কর্তৃক অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটি ৯০০ গ্রাম, ৪৫০ গ্রাম ও ২০০ গ্রামের প্যাকেটে লোগো ব্যবহার করে মুড়ি বাজারজাত করে আসছিল। তারা এখনো বিএসটিআই কর্তৃক অনুমোদিত হননি।
নিশাত মেহের জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে জেলাব্যাপী খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ হরিণাকুন্ডু শহরে অবস্থিত শাকিব ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান অনুমোদন না নিয়েই নিজেদের লোগো ব্যবহার করে অননুমোদিত ওজনের প্যাকেটে মুড়ি বাজারজাত করছিলো। এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









