খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, মাদক সংশ্লিষ্টতার কারণে এলাকায় আরিফ ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানা পুলিশ জানায়, ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আরিফের হাতে থাকা সাদা রঙের একটি বাজারের ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পলিথিনে মোড়ানো আনুমানিক ৪০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন ৩ নম্বর কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর-পাবলাখালী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১৯(ক) অনুযায়ী মামলা করেছেন। থানার এফআইআর নম্বর-০২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিত চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
পুলিশের তথ্য অনুযায়ী, আরিফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আগের ১৩টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। নতুন মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









