সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে তারা ভবনের প্রধান ফটকে তালা দেন। এতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ফলে কার্যালয়ে যেতে পারেননি উপাচার্যও।
গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ দেওয়া হয়েছে। কেনাকাটায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নিম্নমানের সামগ্রী কেনা, শিক্ষার্থীদের খেলার মাঠ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যয় দেখিয়ে আত্মসাৎ এবং সৌন্দর্যবর্ধনের নামে ভর্তি পরীক্ষার আয় থেকে অর্থ ব্যয় করা। এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া, শিক্ষকদের পদোন্নতি আটকে রাখা, কোনো কোনো শিক্ষকের বেতন বন্ধ, শোকজ, হয়রানি ও দুর্ব্যবহারের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে বাধা দেওয়া এবং বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগও করেছেন তারা।
প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর ড. মো. কাজী মেহতাজুল ইসলাম, সহসভাপতি প্রফেসর ড. নাজমুল হক, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ নেয়ামত উল্যাহ, মো. বাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল হোসেন সনি, সাবেক সহসভাপতি মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রাব্বানী, সদস্য আব্দুর রাকিব, সায়মুন ইসলাম কবির ও মামুনুর রশিদ।
এ সময় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতা মো. আবু সাঈদ, শওকত হোসেন, সাইফুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









