অসুস্থ ও অসচ্ছল বাবার কারণে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছিল। অর্থের অভাবে ভর্তি ফি জোগাড় করতে না পারা সেই শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে তার ভর্তির পুরো খরচ বহন করা হয়েছে।
জানা যায়, ওই শিক্ষার্থীর বাড়ি কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। তার বাবা অসুস্থ থাকায় পরিবারে চরম আর্থিক সংকট চলছিল। সন্তানের পড়াশোনার গভীর আগ্রহ ও মেধা থাকা সত্ত্বেও ভর্তি বাবদ প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।
বিষয়টি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নজরে আসলে সংগঠনের নেতারা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে ওই শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করা হয়। এর ফলে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আর্থিক সংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, এই সহযোগিতা তার সেই দুশ্চিন্তা পুরোপুরি দূর করেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, "শিক্ষা, ঐক্য ও প্রগতি ছাত্রদলের মূলনীতি। কোনো অসহায় বাবার সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না—এটি হতে পারে না। আমরা সবসময় সাধারণ ও অসহায় শিক্ষার্থীদের পাশে আছি। ইনশা আল্লাহ, আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
অর্থের অভাবে যখন একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন ছাত্রদলের এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীর পরিবারও আশা প্রকাশ করেছে, এই সংকট উত্তরণের মাধ্যমে সে তার মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









