নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার ২০২৬ সালে উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যাচাই-বাছাই কমিটি তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করে।
এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী সরকার। এর আগে ২০২৫ সালেও তিনি একই সম্মাননা অর্জন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পাঠদান কৌশল, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, স্থানীয় অভিভাবকদের সঙ্গে সমন্বয়, পেশাগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে গুণী শিক্ষক নির্বাচন করা হয়।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া রোধে নিয়মিত হোম ভিজিট, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার বিষয়গুলোও মূল্যায়নের আওতায় ছিল।
এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় স্বপ্না রানী সরকারকে ২০২৬ সালের উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে স্বপ্না রানী সরকার বলেন, পরপর দুই বছর উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন আমার একার নয়, এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
সরকারি নির্দেশনা অনুযায়ী আমার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং সৃজনশীল কাজে উৎসাহিত করাই আমার মূল লক্ষ্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









