প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিখ্যাত রামদাস বিলকে আরও নান্দনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের কোলঘেঁষা সড়কের দুই পাশে রোপণ করা হচ্ছে দেড় হাজার তালগাছ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই তালগাছ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত রামদাস বিল এলাকায় পর্যায়ক্রমে এই দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে। বর্ষায় বিস্তীর্ণ জলরাশি আর চারপাশের সবুজ পরিবেশের টানে দিন দিন এই বিলের প্রতি ভ্রমণপিপাসুদের আগ্রহ ও ভিড় বাড়ছে। পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবং বিলের পারের সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করতে এই বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, "প্রতিদিনই দূর-দূরান্ত থেকে বহু মানুষ রামদাস বিলে ঘুরতে আসছেন। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও আকর্ষণ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হচ্ছে।"
স্থানীয়দের আশা, সময়ের সঙ্গে সঙ্গে এই তালগাছগুলো বড় হয়ে সড়কের দুই পাশে এক মনোরম সবুজ ছায়া তৈরি করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত রোধের পাশাপাশি বর্ষার জলরাশি, চারপাশের সবুজ প্রকৃতি এবং সারিবদ্ধ তালগাছ মিলিয়ে রামদাস বিল অচিরেই দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে রূপ নেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









