পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি রাজবাড়ীর ধাওয়াপাড়া (জৌকুড়া) ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম।
তিনি বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নৌদুর্ঘটনা এড়াতে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। স্রোত কমে যাওয়ায় মঙ্গলবার বেলা ১১টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, রাজবাড়ি, ফরিদপুর থেকে পাবনা, সিরাজগঞ্জ ও পার্শ্ববর্তী জেলায় চলাচলকারী বাহনের চালকেরা সময় ও খরচ বাঁচাতে এই পথ ব্যবহার করেন। এটি ব্যবহার করলে স্বাভাবিক দূরত্বের চেয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ বেঁচে যায়।
এ রুটে চলাচলকারী দুটি ফেরির মধ্যে একটি কয়েক মাস আগে বিকল হয়ে পড়ে। ফলে একমাত্র ফেরি ক্যামেলিয়া দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে কে টাইপ ফেরি ‘ক্যামেলিয়া’ পদ্মার তীব্র স্রোতের কাছে অসহায়।
তাই পদ্মায় স্রোত বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। তখন ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা। বাধ্য হয়ে কেউ ঘুরপথে গন্তব্যে পৌঁছান। আবার কেউ ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানে পদ্মা পার হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









