ভোলার বোরহানউদ্দিনে গত তিন দিন ধরে নিখোঁজ থাকা ছয় বছরের শিশু মো. ইসমাঈলের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন হাওলাদার (২৩) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শিশু ইসমাঈল ওই এলাকার আকবর হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু ইসমাঈল। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, এলাকায় মাইকিং করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অবশেষে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত শিশুর চাচি নুর নাহার অভিযোগ করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাঈলের বাবার সঙ্গে রোকনের বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’ তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন রোকনকে আটক করা হয়েছে।
শিশুটি মৃত্যুর প্রকৃত কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









