পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে অকেজো ঘোষণা করে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কন্ডেমেশন বোর্ডের পর্যালোচনার পর এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে অকেজো ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রকাশ্যে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। বিনষ্ট করা সামগ্রীর মধ্যে ছিল রোগীদের ব্যবহূত বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, ম্যাট্রেস, পর্দা এবং ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ার।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সিভিল সার্জনের অনুমোদন ও নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালিত হয়।
সামগ্রী বিনষ্টকরণকালে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, সরকারি বিধিমালা ও নিয়ম অনুযায়ী হাসপাতালের ব্যবহারের অনুপযোগী এবং পুরোনো জিনিসপত্র অপসারণের অংশ হিসেবেই এই কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









