ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফলদ গাছের চারা ও সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ১৩৯টি পানির ফিল্টার বিতরণ করা হয়। এছাড়া ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে। একই সঙ্গে ঝরে পড়া রোধে রাষ্ট্রীয় দায়িত্বে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দিতে পারলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কাউকে যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। আমাদের দেশে কাউকে যাতে পিছিয়ে থাকতে না হয় সেভাবে সরকার কাজ করছে। শিক্ষকের মর্যাদা নিশ্চিত না হলে সে সঠিক শিক্ষা দিতে পারে না, এজন্য সরকার শিক্ষকদের জন্য পারিশ্রমিক বৃদ্ধি মর্যাদা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে করে ভালো শিক্ষক আমরা পাই, ভালো শিক্ষক পেলে আমরা ভালো শিক্ষা পাব।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









