বিএনপির পরিচয়ে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো বক্তব্য দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী মর্যাদার সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।’ দলের ভেতরে বিভেদ ও মতপার্থক্য দূরে রেখে ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় কোটি কোটি মানুষ রাজপথে নেমে আন্দোলন করেন। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। এ আহ্বানে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরাও সাড়া দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ও যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস।
এ ছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








