বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী দিনে এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। বিশ্বের কোন দেশে কী ধরনের কর্মীর চাহিদা রয়েছে, তা চিহ্নিত করে সে অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শুধু বিদেশে জনশক্তি পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন কর্মী যে দেশে যাবেন, সেই দেশের কর্মক্ষেত্রের চাহিদা, ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করেই যাতে যেতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিদেশে কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি ভালো বেতন ও মর্যাদা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। বিদেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশে যেতে গিয়ে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ সমস্যা বন্ধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনার কাজ চলছে। এতে বিদেশগামী কর্মীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রতারণার সুযোগ কমবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অভিযোগ কমিয়ে একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









