পিরোজপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। নতুন ভবনগুলো মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধিদপ্তরের অধীনে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনটি জেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর পিরোজপুরে যোগদানের পর বিদ্যালয়ের পুরোনো ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, নির্ধারিত সময়ের দুই মাস আগেই দুই শিফটে শ্রমিক নিয়োগ করে নির্মাণকাজ শেষ করা হয়েছে। একই সঙ্গে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের নির্মাণকাজও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
নতুন বহুতল একাডেমিক ভবন পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের মতে, নতুন অবকাঠামোর ফলে শ্রেণিকক্ষের সংকট কমবে এবং আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান পরিচালনা করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









