‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আজিজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, সমবায় সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের কার্যকর মাধ্যম। ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগ কাজে লাগিয়ে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।
এ সময় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









