বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৭ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি দল বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।
আটককৃত চোরাকারবারি এবং জব্দ করা মালামাল ও যানবাহনগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি রক্ষায় এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









