গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









