বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো. মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) এর সিপিএসসি বগুড়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ জানতে পারে, আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। এর ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে মো. মান্নানের নিজ বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় তাকেও আটক করা হয়।
আটক মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।
জব্দ করা গাঁজার গাছসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১২ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









