চট্টগ্রামের রাউজানে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়েছে ৪টি দোকান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১টার ২০ মিনিটের দিকে মিয়ারঘাটা এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে শোরচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় কালুরঘাট ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুণ নেভাতে সক্ষম হলেও চারটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, হারুনের মুদির দোকানে সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় ইসমাইল আজিজের মুদির দোকান, মাহবুব আলমের মুদির দোকান, রতনের ষ্টেশনারী দোকান এবং আবদুল বাসেকের মেক্যানিকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্টেশনারি সামগ্রী,আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









