নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করে এবং চালককেও আটক করা হয়। নিহত মোশারফ হোসেন উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মোশারফ। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









