স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি বার্তা দিয়ে ‘শরীরচর্চা হোক প্রতিদিনের অভ্যাস’ এবং ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়। মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুরের আয়োজনে অনুষ্ঠিত ওই ম্যারাথনে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সৈয়দপুর রংধনু পার্কের সামনে থেকে ম্যারাথনের সূচনা হয়। নির্ধারিত রুট থেকে পার্শ্ববর্তী পাবর্তীপুরের চাকলা বাজার হয়ে সৈয়দপুর কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য ৯ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার, ৩ কিলোমিটার এবং ১ কিলোমিটার কিডস ফান রান এই চারটি ক্যাটাগরি ছিল। প্রতিটি ক্যাটাগরিতে নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করার পাশাপাশি বিজয়ীদের জন্য রাখা হয় পুরস্কার ও সম্মাননা।
৯ কিলোমিটার ক্যাটাগরিতে ১ম থেকে ৬ষ্ঠ, ৭.৫ কিলোমিটারে ১ম থেকে ৪র্থ এবং ৩ কিলোমিটারে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ১ কিলোমিটার কিডস রানে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের জন্যও ছিল পুরস্কার। অংশগ্রহণকারী দৌড়বিদদের জন্য রানিং টি-শার্ট, ফিনিশার মেডেল, বিশেষ দৌড়বিদদের জন্য ক্রেস্ট, খাবার, জুস, রাইস, রানিং ট্র্যাকে হাইড্রেশন এবং মেডিকেল সাপোর্টও রাখা হয়।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, সকালে এত মানুষের সঙ্গে একসঙ্গে দৌড়ানোর অভিজ্ঞতা সত্যিই আনন্দের। নিয়মিত দৌড়ানোর অভ্যাস আমাদের শরীর ও মন দুটোর জন্যই ভালো। মর্নিং হেলথ ক্লাবের এমন আয়োজন আমাদের আরও উৎসাহিত করেছে। ম্যারাথনে অংশ নিয়ে নিজের শারীরিক সক্ষমতা যাচাই করার সুযোগ পেয়েছি আমরা। সবচেয়ে ভালো লেগেছে, এখানে বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তরুণদের জন্য এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার।
তরুণ দৌড়বিদ তানভির জানান, মাদক বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকার জন্য খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। আজকের এই আয়োজন থেকে আমরা যেমন আনন্দ পেয়েছি, তেমনি একটি ইতিবাচক বার্তাও পেয়েছি।
অভিভাবক রাজিয়া সুলতানা বলেন, নিজের ৭ বছরের বাচ্চা কে নিয়ে এসেছিলাম। কিডস ফান রানে শিশুদের অংশগ্রহণ খুবই ভালো লেগেছে। ছোটবেলা থেকেই যদি এভাবে শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করা যায়, তাহলে তারা আরও স্বাস্থ্যকর ও সক্রিয়ভাবে বেড়ে উঠবে।
মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুরের আয়োজকরা বলেন, ম্যারাথনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং তরুণসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের প্রতি উৎসাহিত করা। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করা। আমরা চাই তরুণ সমাজ মাদক ও অলসতা থেকে দূরে থেকে খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে যুক্ত হোক। একটি স্বাস্থ্যসচেতন ও সক্রিয় সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
একদিনের ম্যারাথন নয়, শরীরচর্চাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের প্রত্যাশা, আগামী দিনে আরও বেশি মানুষ এ ধরনের স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত হবেন বলে জানান আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









