নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় নিবন্ধন ছাড়াই মাংস বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী নিবন্ধন ছাড়া মাংস বিক্রির দায়ে প্রত্যেক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, “উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মনীতি না মেনে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভুলতা এলাকায় অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।”
তিনি বলেন, “মাংস বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









