ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে দুই বাসের সংঘর্ষে তিন জনের নিহত হয়েছে।
শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এলে বাসের চাকা বিকল হয়ে যায়। এসময় বাসটি সড়কর পাশেই থামানো ছিল তখনই বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পালকী পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চাকা পাংচার হলে পালকী পরিবহনটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখে। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির মাহমুদ বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









