চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে মোস্তফা মার্কেটের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৩) এবং তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রুবেল আলী (২১)।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









