ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডাকাতি দলের সর্দার সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের বাগান থেকে গোপন বৈঠক ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সর্দার সুজন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি, দেলোয়ার খন্দকারের বিরুদ্ধে ৮টি এবং মো. মান্নানের বিরুদ্ধে ১৪টিসহ বিভিন্ন অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ওই এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









