ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এর উদ্বোধন করেন মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন চকেট।
নদীবেষ্টিত মদনপুর উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় প্রসূতি নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ভোলা সদর হাসপাতালে নিতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাটোয়ারি বাজার, চর বৈরাগী, মধুপুর, চর টগবি ও চর মুন্সিসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের সংকটও রয়েছে। ফলে গুরুতর রোগীদের অনেক সময় মাছ ধরার ট্রলারে করে হাসপাতালে নিতে হয়।
স্থানীয়দের জন্য আগে সরকারি উদ্যোগে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালু হলেও দীর্ঘদিন ধরে সেটি অচল। ভোলার বিভিন্ন চরাঞ্চলের জন্য দেওয়া আরও চারটি নৌ-অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা।
জামাল উদ্দিন চকেট বলেন, মদনপুরের মানুষ দীর্ঘদিন ধরে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি অচল থাকায় ব্যক্তি উদ্যোগে নতুন নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এটি প্রসূতি, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করে মদনপুরে স্থায়ী ও মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি দীর্ঘদিন অচল সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি দ্রুত সচলের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









