সাংবাদিক ইউনিয়ন যশোরে আবারও আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি ফকির শওকত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরে, সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত মতবিনিময় সভায় বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের আহ্বানে তিনি সংগঠনে পুনরায় যোগ দেন। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যরা তাকে স্বাগত জানান।
সভায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সভায় প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহসভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, সদস্য শাহারুল ইসলাম ফারদিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









