গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু সাদিক কায়েম বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর সরকার গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও টেন্ডারবাজি বন্ধ না হওয়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও আওয়ামী লীগের বিচারে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দলীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ডাকসুর কার্যক্রম প্রসঙ্গে আবু সাদিক বলেন, এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন তারা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধে ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। রাষ্ট্রের সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার না করার অভিযোগও করেন তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









