পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে চার জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে ঐ জেলেদের অপহরণ করা হয়।
এসময় পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় উপকূলের জেলে ও মহাজনদের মাঝে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।
অপহৃত জেলেরা হলেন- রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮) অপর একজনের নাম এখনো যায়নি। এই জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় বলে জানিয়েছেন মহাজনরা।
নাম প্রকাশ না করার শর্তে মহাজনরা জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেবহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারটি নৌকায় তাদের তুলে নিয়ে যায়। এসময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুট করে দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানান, জেলে অপহরণের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









