ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ-অসহায়দের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েই বিএনপি সরকারে এসেছে, কোনো ভুয়া ভোটে নয়। তিনি বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সুযোগ নিয়ে গুটিকয়েক ব্যক্তি মিথ্যাচার ও ধোঁকাবাজি করলে তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। আইনের অপব্যবহারকারীরা আইনের হাত থেকে ছাড় পাবে না।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ, নরসিংদী আন্তজেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









