মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ হরিবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, চক্রটি র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার ডাকাতির ছক করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের দল অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, র্যাবের জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র্যাবের লোগোযুক্ত নকল আইডি কার্ড, খেলনা পিস্তল ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নওগার বদলগাছি উপজেলার নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ির পাংশা উপজেলার মিজানুর রহমান (৪১), এছাড়া বরগুনার পরিরখাল এলাকার আব্দুল আলীম, মাগুরার সদরের সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫), শরিয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০) ও গাড়িচালক আবু হানিফ (৩২।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









