যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসার গ্রামের ঢালীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কাশিমপুর গ্রামের আসাদুজ্জামান শান্ত ইসলামের ছেলে মাহামুদুল ইসলাম এবং ফুলসার গ্রামের আরিফ হোসেনের ছেলে হুরাইরা হোসেন।
সন্ধ্যার আগে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাহামুদুল ইসলাম এবং হুরাইরা হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে গিয়ে কোনো একসময় তারা দুজন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাহামুদুল ইসলামের মা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাদের চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর নিকটাত্মীয় বলেন, ‘‘তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। কীভাবে তারা পানিতে পড়ে গেছে, তা কেউ বুঝতে পারেনি।’’
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘‘তারা কখন পানিতে পড়েছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।’’
স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, ‘‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই শিশুর মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত।’’
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









